স্বপ্ন রঙিন উষায় নয়

ক্লান্ত দুপুরে নয়

চঞ্চল বিকেলে নয়

এসো লাজুক কোন গোধূলি বেলায়।

সূর্যের মত একটু হেলে

দিগন্তে মুখ লুকিয়ে

আমি দেখবো তোমায়

এসো কিন্তু গোধূলি বেলায়।।

বাতাসের ফিসফিস নয়

শুকনো পাতার মর্মর নয়

উদাস ঝর্ণার ঝরঝর নয়

কান পেতে আমি শুনবো তোমায়

আমায় ডেকো কিন্তু গোধূলি বেলায়।

মেঘের কান্না নয়

সূর্যের রক্তাক্ত মুখ নয়

নদীর আকুল ছন্দ নয়

দৃষ্টি ছড়িয়ে আমি দেখবো তোমায়

এসো কিন্তু গোধূলি বেলায়।

মাটির সোঁদা গন্ধ নয়

বকুলের চঞ্চল সুবাস নয়

বৃষ্টির ভেজা গন্ধ নয়

নাক এগিয়ে ঘ্রাণ নিবো তোমার

কাছে এসো কিন্তু গোধূলি বেলায়।

কাশফুলের স্নিগ্ধতা নয়

বৃষ্টি ফোঁটার আদ্রতা নয়

পাখির পালকের কোমলতা নয়

চোখ দুটি বুজে আমি ছোঁবো তোমায়

আমায় ছুঁয়ে দিয়ো কিন্তু গোধূলি বেলায়।

আকাশের নীলিমায় নয়

সমুদ্রের বিশালতায় নয়

আমি ডুব দিবো শুধু তোমায়

উদার হয়ো কিন্তু গোধূলি বেলায়।

মায়ের মতো আদরে নয়

বাবার মতো শাসনে নয়

বটের মতো ছায়ায় নয়

শুধু ভালবাসায় জড়াবো তোমায়

আমায় জড়িয়ে নিয়ো কিন্তু গোধূলি বেলায়।

আমি কাক নই যে

ভাঙাবো ঘুম রাজ্যের বিরক্তিতে

আমি কোকিল নই যে

চাইবো তোমায় কুহু সূরের নিমন্ত্রণে

তবুও ভুলোনা আসতে গোধূলি বেলায়।

тαиנιм яιfαт

120924